মধ্যপ্রাচ্য

ইরানের বিক্ষোভকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ‘ক্যু’ আখ্যা দিলেন খামেনি

তেহরান, ১ ফেব্রুয়ারি – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে নিছক জনরোষের বহিঃপ্রকাশ হিসেবে মানতে নারাজ বরং তিনি একে বিদেশি শত্রুদের পরিকল্পিত এক গভীর ষড়যন্ত্র ও অভ্যুত্থান প্রচেষ্টার অংশ হিসেবে অভিহিত করেছেন।

তাঁর মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইন্ধনেই ইরানে শাসন পরিবর্তনের লক্ষ্যে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছিল। রোববার এএফপি ও ইরানি সংবাদমাধ্যম ইরনা এই তথ্য জানিয়েছে। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় যা প্রথমে শান্তিপূর্ণ থাকলেও দ্রুত সহিংস রূপ নেয়। সরকারি বাহিনীর তৎপরতায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।

খামেনি অভিযোগ করেন যে বিক্ষোভকারীরা পুলিশ সরকারি দপ্তর ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং পবিত্র কুরআন অবমাননা করেছে। তিনি দাবি করেন এই সহিংসতায় প্রশিক্ষিত চক্রান্তকারীরা অংশ নিয়েছে যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বারা প্ররোচিত। তবে এর পাশাপাশি অনেক আবেগপ্রবণ তরুণ না বুঝে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন তেহরানে এমন রাষ্ট্রবিরোধী তৎপরতা এটাই শেষ নয় এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হতে পারে। অন্যদিকে বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে নৌবহর মোতায়েন করেন। এর আগে জুনে বারো দিনের ইসরায়েল ও ইরান সংঘাতে ওয়াশিংটন তেল আবিবের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তেহরানের পরমাণু প্রকল্পে বিমান হামলা চালিয়েছিল।

রোববার প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খামেনি যুক্তরাষ্ট্রের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন আমেরিকানদের জেনে রাখা উচিত যে তারা যদি যুদ্ধ শুরু করে তবে সেই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।

এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language