পটুয়াখালী-৩ আসনে নুর ও মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ জন

পটুয়াখালী, ০১ ফেব্রুয়ারি – পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুর ও ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. আবু নাঈম জানান, হাসান মামুনের সমর্থকরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাওয়ার সময় ট্রাক প্রতীকের কয়েকজন সমর্থকের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে ট্রাক প্রতীকের সাত থেকে আটজন সমর্থক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে হাসান মামুনের সমর্থক মো. মারুফ দাবি করেন, ঘোড়া প্রতীকের মিছিল চলাকালে ট্রাক প্রতীকের সমর্থকরা পথরোধ করে হামলা চালায়। এতে তাদের পক্ষের সাত থেকে আটজন আহত হন। গুরুতর আহত দুইজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এনএন/ ০১ ফেব্রুয়ারি ২০২৬









