জাতীয়

কোনো নির্বাচনই পুরোপুরি শান্তিপূর্ণ হয়নি

ঢাকা, ০১ ফেব্রুয়ারি – কোনো নির্বাচনই পুরোপুরি শান্তিপূর্ণভাবে করা যায়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রতিটি নির্বাচনেই কোনো না কোনো ঝামেলা ছিল। এবারও এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ভোট পড়েছিল ৫৫ শতাংশ। তার ধারণা, এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।

তিনি আবারও বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি শান্তিপূর্ণ হয়নি, প্রতিবারই কোনো না কোনো ঝামেলা ছিল। এবার এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্বাসযোগ্য নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়টি বিদেশিদের জানানো হয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

‘হ্যাঁ’ ভোট নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘হ্যাঁ’ ভোট নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা ছিল। জামায়াত ও এনসিপি আগেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, পরে বিএনপির চেয়ারম্যানও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলেছেন।

তিনি বলেন, মানুষ সাধারণত দলের অবস্থান দেখেই ‘হ্যাঁ’ ভোট দেবে। এখন যেহেতু বড় বড় দলগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রয়েছে, তাই আমার মনে হয় ‘হ্যাঁ’ ভোট খুব সহজেই হবে।

এ ছাড়া নির্বাচন শেষে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

এনএন/ ০১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language