ইসলাম

রমজানের আগে আত্মিক প্রস্তুতি নেওয়ার ৫ উপায়

এগিয়ে আসছে রমজানের দিন। মুসলমানদের মনে বাড়ছে এক বিশেষ প্রত্যাশা। প্রতিটি রমজান আসে আত্মশুদ্ধি ও নতুন করে জীবন গড়ার আহ্বান নিয়ে।

যেমন কোনো বিশেষ অতিথি আপনার ঘরে এলে আপনি ঘর গুছিয়ে নেবেন, আপ্যায়নের ব্যবস্থা করবেন, পরিবারের সবাইকে প্রস্তুত করবেন, তেমনই রমজানও এক বিশেষ অতিথি। তবে রমজান আমাদের ঘরে আসে না, আসে আমাদের হৃদয়ে। তাই ঘরের মতোই হৃদয়কেও প্রস্তুত করা জরুরি। রমজানের আগে আত্মিকভাবে প্রস্তুত হওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ দিক নিচে দেওয়া হলো।

১. নিয়ত শুদ্ধ করা

ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। আপনি কী করলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন করলেন এবং কার জন্য করলেন। রমজানের আগে নিজের নিয়তগুলো যাচাই করুন। রোজা কেন ফরজ করা হয়েছে, তা মনে করুন। কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো (সুরা বাকারা, আয়াত: ১৮৩)।

রমজানের মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন, অর্থাৎ আল্লাহভীতি ও আল্লাহ সচেতনতা। কোরআনে আরও বলা হয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি তাকওয়াবান (সুরা হুজুরাত, আয়াত: ১৩)। তাই রমজানের আগে নিয়ত পরিষ্কার ও দৃঢ় করুন এবং প্রতিদিন নতুন করে তা জোরদার করুন।

২. কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত করা

রমজান হলো কোরআনের মাস। তাই রমজান এলে কোরআন পড়ব—এই মানসিকতা ভুল। এখন থেকেই কোরআন তিলাওয়াত শুরু করুন।

৩. রোজা ও দোয়ার চর্চা

রমজানে রোজা ফরজ হলেও শাবানে নফল রোজা রাখা সুন্নত ও ফজিলতপূর্ণ। এটি নফসকে নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এক মাসের প্রস্তুতি হিসেবে কাজ করে।

দোয়া হলো ইবাদতের সবচেয়ে সহজ মাধ্যম। নির্দিষ্ট জায়গা বা অজুর বাধ্যবাধকতা নেই। যে কোনো সময়, যে কোনো স্থানে অন্তর থেকে আল্লাহকে ডাকলেই দোয়া হয়ে যায়। দোয়া শুধু নিজের জন্য নয়; পরিবার, সমাজ ও উম্মাহর জন্য করুন। রমজান থেকে আত্মিকভাবে উপকৃত হওয়ার জন্য দোয়া করুন।

৪. নামাজে মনোযোগ বাড়ানো

কিয়ামতের দিন প্রথম যে প্রশ্ন করা হবে, তা নামাজ নিয়ে। তাই নামাজের গুরুত্ব অনুধাবন করা যায়। নামাজ ঠিক না হলে ঈমানও ঝুঁকির মুখে পড়ে। এখন থেকেই নামাজে মনোযোগ বাড়ালে রমজানে অতিরিক্ত নফল নামাজ আদায় করা সহজ হবে।

৫. আচার-আচরণ ও চরিত্রের দিকে নজর

ইসলামী শিষ্টাচার ও আদব অনেক সময় অবহেলিত হয়। কিন্তু আচরণ খারাপ হলে রোজার আসল উদ্দেশ্য ব্যাহত হয়। রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা, মন্দ কাজ ও কটু ভাষা ত্যাগ করে না, তার খাবার ও পানাহার ত্যাগের প্রয়োজন আল্লাহর নেই (বুখারি)।

আজ থেকেই নিজের চরিত্রের দুর্বল দিক চিহ্নিত করুন। রাগ নিয়ন্ত্রণ, ভাষা সংযত রাখা, মানুষের সঙ্গে উত্তম আচরণ—এই বিষয়গুলোতে নবীজির জীবন পড়ুন এবং আল্লাহর কাছে সাহায্য চাইুন।

এনএন


Back to top button
🌐 Read in Your Language