আজ থেকে শুরু বাঙালির অহংকার ও শোকের ভাষার মাস ফেব্রুয়ারি

ঢাকা, ১ ফেব্রুয়ারি – আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুর বেজে ওঠার মধ্য দিয়ে আজ পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হলো বাঙালির ভাষার মাস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন এই মাস তাদের স্মৃতি স্মরণের। বাঙালির কাছে এই মাস একইসঙ্গে শোক ও গৌরবের প্রতীক এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার সময়। পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে জাতি গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করে থাকে।
১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করার পর থেকে এটি এখন বিশ্বব্যাপী মর্যাদার সাথে পালিত হচ্ছে।
ভাষার মাসের প্রথম দিন থেকেই সাধারণত নানা কর্মসূচির সূচনা হয়। সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাসজুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে।
তবে জাতীয় সংসদ নির্বাচন ও রমজানসহ বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এবার প্রথা অনুযায়ী পহেলা ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে না।
ইতিহাসের পাতা থেকে জানা যায় ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলি জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে কার্জন হলের সমাবর্তন অনুষ্ঠানেও তিনি একই কথার পুনরাবৃত্তি করলে উপস্থিত ছাত্ররা না না বলে তীব্র প্রতিবাদ জানান। সেই থেকে শুরু হওয়া আন্দোলন ১৯৫২ সালে চূড়ান্ত রূপ নেয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনতা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে গুলিবর্ষণ করে। এই ঘটনায় শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ নাম না জানা আরও অনেকে। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়েই বাঙালি জাতি মাতৃভাষা বাংলার মর্যাদা অর্জন করতে সক্ষম হয়।
এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৬









