দিনে কমার পর রাতে ভরিতে সর্বোচ্চ ৪ হাজার টাকা বাড়লো সোনার দাম

ঢাকা, ৩১ জানুয়ারি – সোনার বাজারে এখন বেশ অস্থিরতা চলছে। দিনে একবার দাম কমছে, আবার রাতে বাড়ছে—এভাবেই ওঠানামা করছে বাজার। এই অবস্থায় দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সর্বশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। এর আগে একই দিন সকালে সোনার দাম কমানো হয়েছিল।
বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ড সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশের বাজারে দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। সোনা ও রুপার দামের তথ্য দেওয়া আন্তর্জাতিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯৩ ডলারে, যা গতকাল ছিল ৫ হাজার ২০০ ডলার। এর আগের দিন বৃহস্পতিবার এই দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
দেশের বাজারে নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম রাখা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম রাখা হয়েছে ৭ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও বড় ধরনের দাম বাড়ানো হয়। গত বৃহস্পতিবার সকালে বাজুস একবারেই প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ায়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম উঠে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে এক ধাপে এত বেশি পরিমাণে সোনার দাম আগে কখনো বাড়ানো হয়নি।
এরপর ২৪ ঘণ্টাও না পেরোতেই শুক্রবার সকালে বাজুস দাম কমানোর ঘোষণা দেয়। সে সময় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। এতে ভালো মানের সোনার দাম কমে দাঁড়ায় ২ লাখ ৭১ হাজার টাকা।
এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬









