নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন

টাঙ্গাইল, ৩১ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক কষ্ট আর রক্তের বিনিময়ে মানুষ আবার স্বাধীনতার স্বাদ পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হবে, তবে এই নির্বাচন শুধু ভোটে সীমাবদ্ধ থাকলে চলবে না, এই নির্বাচনকে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হতে হবে। তিনি বলেন, গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল, ঠিক সেভাবেই ১২ তারিখে সবাইকে ভোট দিতে যেতে হবে।
তিনি আরও বলেন, যদি ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা না যায়, তাহলে গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। তাই ভোটের আগের দিন থেকেই সবাইকে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান বলেন, আগামী দিন হবে ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি এবং দেশের উন্নয়নের রাজনীতি। তিনি বলেন, এই দেশ কোনো দলের না, কোনো ব্যক্তিরও না, এই দেশ কোটি কোটি মানুষের।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র করে কেউ আবার মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। তিনি বলেন, এই মুহূর্তে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যাদের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিতে হয়। তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রকৃত মালিক এই দেশের জনগণ। ১২ তারিখে জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকেই দেশ গড়ার কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও টুপি দেশের বিভিন্ন জায়গায় যায়। পরিকল্পিতভাবে চেষ্টা করলে এসব পণ্য বিদেশের বাজারেও নেওয়া সম্ভব। তিনি বলেন, এই এলাকায় প্রচুর আনারস চাষ হয়, আবার টাঙ্গাইলে নতুন করে পাটশিল্পের সম্ভাবনাও তৈরি হয়েছে। পরিকল্পিত উদ্যোগ নিলে এই পাটশিল্প বিদেশে রপ্তানি করা যাবে। তারেক রহমান বলেন, আজ যদি দেশ গড়তে হয় এবং ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু। পরে তারেক রহমান জনসাধারণের সামনে জেলার আটটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এই প্রার্থীরা হলেন— টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে অ্যাডভোকেট আহমেদ আযম খান।
এর আগে রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকেলে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬









