হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় প্রয়োজনে প্রথম শহীদ হবো: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ৩১ জানুয়ারি – হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের সুরক্ষার জন্য যদি কাউকে শহীদ হতে হয় তবে প্রথম শহীদ হবেন তিনি এবং তাঁর দলের কর্মীরা। তিনি অতীতেও হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বস্ত করেন। শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখচা ইউনিয়নের বলদাপুকুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের এই প্রার্থী ভোটারদের অভয় দিয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন তিনি সবসময় জনগণের জন্য কথা বলেছেন এবং সংগ্রাম করেছেন। হাজার বছর ধরে এদেশে হিন্দু ও মুসলমান একসঙ্গে বসবাসের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন তাঁর দল বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না।
তিনি আরও উল্লেখ করেন যে হিন্দু ও মুসলমান এখন একইভাবে ভাবছে এবং ধর্মভিত্তিক রাজনীতির কোনো স্থান এদেশে হবে না। ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করছে তাদের সমালোচনা করে তিনি বলেন সৎকর্ম ও আল্লাহর পথে চলাই জান্নাত লাভের উপায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তির কঠোর সমালোচনা করে তিনি বলেন ওই দলটি দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি এবং কখনো ক্ষমা চায়নি। গত দেড় দশকে দেশের অর্থনীতির ক্ষতির প্রসঙ্গ টেনে তিনি বলেন ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে এবং বিদেশে অর্থ পাচার করা হয়েছে। ঝড়ে ভেঙে যাওয়া ঘর যেমন নতুন করে গড়তে হয় তেমনি বাংলাদেশকেও নতুন করে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জনগণের ভোটাধিকার আদায়ে নিজের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরে তিনি জানান তাঁর বিরুদ্ধে ১১৭টি মামলা হয়েছে এবং তিনি বহুবার কারাভোগ করেছেন। ভোটাধিকার ফিরে পাওয়া এবং দেশকে পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হওয়াই এখন বড় আনন্দের বিষয় বলে তিনি মন্তব্য করেন।
এস এ এস / ৩১ জানুয়ারি ২০২৬









