আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি মানব না: জামায়াত আমির

কুমিল্লা, ৩১ জানুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন যে তারা কোনো আধিপত্যবাদ মানবেন না এবং দেশে আর কোনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি দেখতে চান না। তিনি একটি দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন বিগত সময়ে শত অত্যাচার ও নির্যাতন সহ্য করেও তারা দেশ ত্যাগ করেননি। তিনি দৃঢ়কণ্ঠে উল্লেখ করেন যে তারা অতীতেও ছিলেন বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও আল্লাহর ইচ্ছায় থাকবেন। নিজেদের মজলুম দাবি করে তিনি বলেন তারা নির্যাতিতের বেদনা বোঝেন তাই তারা ক্ষমতায় গেলে কখনো জালিম হবেন না।
দেশব্যাপী নারী নিরাপত্তার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন যদি কোনো মা ও বোনের গায়ে হাত দেওয়া হয় তবে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি যুবসমাজকে জুলাইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো সাহসিকতার সাথে অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান জানান।
নারীদের নির্ভয়ে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে নারীরা নিরাপদে থাকবেন এবং চাঁদাবাজদের প্রতিহত করা হবে।
বেকারত্ব নিরসন প্রসঙ্গে যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন কাউকে বেকার ভাতা দেওয়া হবে না বরং যুবকদের দেশ গড়ার দক্ষ কারিগরে পরিণত করা হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের সম্মানিত অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া সমাবেশে তিনি স্থানীয় প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নির্বাচিত করলে তাকে মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা ১১ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম ও মাওলানা আবদুল হালিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সাদেক কাইয়ুমসহ দলীয় ও জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬









