জাতীয়

নির্বাচনে নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা: ভোলায় ইসির হুঁশিয়ারি

ভোলা, ৩১ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। একইসঙ্গে তিনি প্রশাসনকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ প্রদান করেছেন।

শনিবার সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি স্পষ্ট ভাষায় বলেন যে সব ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। ভোটার বা প্রার্থীর পরিচয় যাই হোক না কেন নিরাপত্তা ব্যবস্থায় কোনো ছাড় দেওয়া যাবে না। এবারের নির্বাচনে প্রার্থীদের কেবল জনগণের ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে এবং অনিয়ম বা কারচুপির কোনো সুযোগ থাকবে না।

নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন যে ভোটকেন্দ্র এবং এর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক অবস্থানে থাকতে হবে। কেউ যেন আইনশৃঙ্খলা ভঙ্গের বা বিশৃঙ্খলা সৃষ্টির চিন্তাও করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং কেউ অপচেষ্টা চালালে তা কঠোর হাতে দমন করতে হবে। তিনি নির্বাচনকে উৎসবমুখর করার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং সিভিল সার্জন ড. মু. মনিরুল ইসলাম। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ এবং নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language