জাতীয়

জানুয়ারির ২৮ দিনেই প্রায় ২.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ডের পথে

ঢাকা, ৩০ জানুয়ারি – চলতি জানুয়ারি মাসের প্রথম ২৮ দিনে বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা মোট ২৯৪ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে মাস শেষেও রেমিট্যান্সে নতুন রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নতুন বছরের প্রথম মাস জানুয়ারির ২৮ দিনে প্রবাসীরা মোট ২৯৪ কোটি ৩০ লাখ বা ২.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর দেশীয় মূল্য দাঁড়ায় প্রায় ৩৫ হাজার ৯০৫ কোটি টাকা।

এই অঙ্কটি গত বছরের একই সময়ের তুলনায় ৯৮ কোটি ৮০ লাখ ডলার বেশি। গত বছরের জানুয়ারির প্রথম ২৮ দিনে দেশে এসেছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২২ দশমিক ১০ শতাংশে।

এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ৩২৯ কোটি বা ৩.২৯ বিলিয়ন ডলার। ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে ঘিরে এই পরিমাণ রেমিট্যান্স দেশে আসে, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মে মাসে, তখন অঙ্কটি ছিল ২৯৭ কোটি ডলার।

তবে ওই দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি ভেঙে দেয় সদ্য বিদায়ী বিজয়ের মাস ডিসেম্বর। সে সময় দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা টাকায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে একক মাস হিসেবে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language