সৌদি প্রবাসীদের জন্য সুখবর, বিমানের ভাড়া কমে ২০ হাজার টাকা

ঢাকা, ৩০ জানুয়ারি – পরিবার ও পরিজনের সঙ্গে সাক্ষাৎ আরও সহজ ও সাশ্রয়ী করতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই নতুন পদক্ষেপের আওতায় সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।
শুক্রবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান যে এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসী কর্মীরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও লাভের মুখ দেখবে।
বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে চর্চা ছিল তা এই উদ্যোগের মাধ্যমে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে বলে জানানো হয়। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটিরও বেশি টাকা অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।
এই বিশেষ প্যাকেজে মদিনা থেকে ঢাকা ও জেদ্দা থেকে ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এছাড়া মদিনা বা জেদ্দা থেকে ঢাকা হয়ে পুনরায় ফেরার রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২ হাজার টাকা ধরা হয়েছে।
বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া ২০২৬ সালের ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত কার্যকর থাকবে। পাশাপাশি বাংলাদেশ থেকে কর্মস্থলে ফেরার ক্ষেত্রে এই সুবিধা ২০২৬ সালের ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত পাওয়া যাবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
তবে অতীতে নেওয়া অনেক ইতিবাচক উদ্যোগ সঠিক পরিচর্যার অভাবে ব্যর্থ হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি এই উদ্যোগের শতভাগ কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬









