ব্যবসা

টানা ৫ দফা বাড়ার পর ভরিতে প্রায় ১৫ হাজার টাকা কমল সোনার দাম

ঢাকা, ৩০ জানুয়ারি – টানা পাঁচবার বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায় নেমে এসেছে।

এর আগে গতকাল সোনার দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানিয়েছে এবং নতুন এই দাম শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারেও আজ সোনার বড় দরপতন হয়েছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২০০ ডলারে নেমে এসেছে যা গতকাল ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

দেশের বাজারে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা ধরা হয়েছে।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language