পুতিন এক সপ্তাহের জন্য ইউক্রেনে হামলা থামাচ্ছেন: দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ৩০ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী এক সপ্তাহ ইউক্রেনে রুশ বাহিনী কোনো হামলা চালাবে না। তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে এই প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত থাকাকালীন ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইউক্রেনে রুশ বাহিনী আগামী এক সপ্তাহ কোনো হামলা চালাবে না। কারণ সেখানে তীব্র শীত পড়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধের জন্য তাকে আহ্বান করেছি এবং তিনি রাজি হয়েছেন। আমাদের আলোচনা খুবই চমৎকার হয়েছে।”
এর আগে বুধবার ইউক্রেনের এমপি অ্যালেক্সেই গোনচারেঙ্কো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিদ্যুৎখাতের ওপর হামলা বন্ধের ব্যাপারে কিয়েভ ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টা আগে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইউক্রেনে বর্তমানে তীব্র শীত চলছে। দেশটির বিভিন্ন এলাকায় গড় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস, আর আগামী রোববার থেকে তা মাইনাস ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউক্রেনের আবহাওয়া দপ্তর।
২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি রেখে রক্ষা না করার এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। পুতিনের নির্দেশে শুরু হওয়া এই অভিযান এখনও চলছে।
অভিযানে রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাবাহিনী, সামরিক স্থাপনা এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করছে। সর্বশেষ ২৬ জানুয়ারি রাতে কিয়েভসহ বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ইউক্রেনের ১ হাজার ৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবনসহ ১২ লক্ষাধিক বাড়িঘর।
বৃহস্পতিবার ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী ডেনিস শ্মিগাল জানিয়েছেন, সরকার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার জন্য কাজ করছে, তবে এখনও ১০ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬









