মধ্যপ্রাচ্য

আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল ইইউ

তেহরান, ৩০ জানুয়ারি – ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইইউর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস।

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা এবং তাদের ওপর ব্যাপক দমন-পীড়নের অভিযোগের প্রেক্ষিতে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কাজা কালাস বলেন, দমন-পীড়নের কোনো ঘটনাকেই ইইউ সমর্থন করে না। তিনি বলেন, যে সরকার নিজের ক্ষমতা ধরে রাখতে নিজের দেশের হাজার হাজার মানুষকে হত্যা করে, সে সরকার আসলে অজান্তেই নিজের পতনের পথ তৈরি করে।

জানা গেছে, গত সপ্তাহেই ফ্রান্স ও ইতালি এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছিল।

বৃহস্পতিবারের ওই বৈঠকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইলও উপস্থিত ছিলেন। তিনি এএফপিকে বলেন, ইরানে সাম্প্রতিক যে রক্তপাত হয়েছে, তার প্রতিবাদ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্দোলন দমনের নামে তেহরান যে নিষ্ঠুরতা দেখিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ইরানের দীর্ঘদিনের শত্রু ইসরায়েল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইউরোপের এই পদক্ষেপ ঐতিহাসিক।

এদিকে ইসরায়েল সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইইউর এই নিষেধাজ্ঞার ফলে আইআরজিসির সদস্যদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা আরও সহজ হবে।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language