হুট করে বিমানে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই

নওগাঁ, ৩০ জানুয়ারি – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হুট করে বিমানে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই এবং তাদের যাওয়ার আর কোনো জায়গাও নেই।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন ও পরিবর্তন হয়নি। তিনি গ্রামের সাধারণ মানুষ এবং নারীদের ভাগ্য পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষ যাতে নিরাপদে পথেঘাটে চলাচল করতে পারে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারে সেই লক্ষ্যে কাজ করা হবে।
ঢাকার ফ্লাইওভারসহ বিভিন্ন মেগা প্রকল্পের সমালোচনা করে তিনি সেগুলোকে দুর্নীতির উৎস হিসেবে অভিহিত করেন। কৃষকদের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের ভালো রাখলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকদের সুবিধার্থে তিনি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষি কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে বীজ ও সার পৌঁছে দেওয়া হবে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসল সহজে ঢাকায় পরিবহনের জন্য রেল ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
নারীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে সরকারের পক্ষ থেকে প্রতিমাসে সুবিধা দেওয়া হবে। গ্রামীণ নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গ্রামে হেলথ কেয়ার সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
শিক্ষিত বেকারদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনা করে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয় বরং খেলোয়াড় হয়েও দেশের সুনাম ও অর্থ উপার্জন করা সম্ভব।
আইটি সেক্টরে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে এবং আইটি অভিজ্ঞদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের ঘোষণাও দেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই আগস্টে যারা গুম ও খুনের শিকার হয়েছে তাদের ত্যাগের কথা মনে রাখতে হবে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ করে তিনি নেতাকর্মীদের তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন। নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬









