উত্তর আমেরিকা

ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

ওয়াশিংটন, ২৯ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন। ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে তেহরানের প্রাথমিক আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ট্রাম্প এখন দেশটিতে হামলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দেন। সেখানে তিনি ইরানকে অবিলম্বে চুক্তিতে আসার আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না। ট্রাম্প উল্লেখ করেন যে, মার্কিন যুদ্ধজাহাজের একটি বিশাল নৌবহর ইতিমধ্যে ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং আলোচনার সময় দ্রুত ফুরিয়ে আসছে। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো হামলার চেয়েও ভয়াবহ আক্রমণের মুখোমুখি হতে হবে তেহরানকে।

উল্লেখ্য, গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই বিক্ষোভকারীদের সমর্থনের জেরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়া হচ্ছিল।

এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language