জাতীয়

গণভোটে সরকারি কর্মচারীদের প্রচারণায় নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন

ঢাকা, ২৯ জানুয়ারি – আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো কর্মচারী গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো পক্ষের হয়ে প্রচারণা চালাতে পারবেন না।

বৃহস্পতিবার ইসির উপ সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ২১ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীরা গণভোট বিষয়ে জনগণকে কেবল অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তারা কোনোভাবেই জনগণকে কোনো নির্দিষ্ট পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাতে পারবেন না। এ ধরনের কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং এটি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language