সোনার দামে বড় উল্লম্ফন, ভরি ছাড়াল ২ লাখ ৮৬ হাজার টাকা

ঢাকা, ২৯ জানুয়ারি – দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়ে গেছে, যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য জানিয়েছে। নতুন ঘোষিত এই দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার অতিক্রম করেছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা ধার্য করা হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮ হাজার ৫৭৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৮ হাজার ১৬৪ টাকা, ১৮ ক্যারেটের ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬









