ইশতেহার অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু

শেরপুর, ২৯ জানুয়ারি – শেরপুর-৩ আসনে নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে আসন গ্রহণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মৃত্যুবরণ করেছেন।
বুধবার রাত আনুমানিক ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল।
নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামের মাওলানা আব্দুল আজিজের ছেলে এবং স্থানীয় ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে হট্টগোল এবং পরবর্তীতে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে রেজাউল করিমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করেছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে এবং তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানিয়েছেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬









