সাভারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, জাবি শিক্ষার্থীসহ চারজন গুরুতর দগ্ধ

ঢাকা, ২৮ জানুয়ারি – সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে ইচ্ছাকৃতভাবে লাগানো এই আগুনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীসহ মোট চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ ওই শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের ছাত্র। এই ঘটনায় দগ্ধ অন্য তিনজন হলেন বাড়ির মালিক আব্দুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং স্থানীয় ভাড়াটিয়া মো. হাসিনুর।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বাড়ির মালিকের দুই ছেলে রায়হান ও রাহাতের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে বিবাদ চলাকালীন রায়হান ভবনের দোতলার একটি কক্ষে পেট্রল ঢেলে দেন। পরিস্থিতি শান্ত করতে এবং বিবাদ মেটাতে রায়হানের পূর্বপরিচিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম রনি এবং প্রতিবেশী হাসিনুর ওই কক্ষে যান। কিন্তু কথা কাটাকাটির একপর্যায়ে রায়হান গ্যাস লাইটার জ্বালালে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. অমিতাভ দাস জানিয়েছেন, আহতদের মধ্যে শিক্ষার্থী সাইফুল ইসলামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬









