জাতীয়

হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রাখার নির্দেশ নির্বাচন কমিশনারের

কুমিল্লা, ২৭ জানুয়ারি – নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, দেশের হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযান অব্যাহত রাখতে হবে। তিনি উল্লেখ করেন, আমাদের এখনও চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে, যা নিঃসন্দেহে দুশ্চিন্তার বিষয়। তবে স্বস্তির খবর হলো, গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘ডেভিল হান্ট ফেইজ টু’ অভিযানের পর থেকে এ পর্যন্ত পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স এবং অবজারভেশন টিমের সঙ্গে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।

আনসার বাহিনীর সতর্কতার বিষয়ে জোর দিয়ে নির্বাচন কমিশনার বলেন, আনসার বাহিনীকে নিশ্চিত করতে হবে যেন কোনো বহিরাগত বা ভুয়া ব্যক্তি আনসারের পোশাক পরিধান করে ডিউটিতে দাঁড়াতে না পারে। বিগত নির্বাচনগুলোতে এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল, তাই এবার এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, চেকপয়েন্টগুলোতে তল্লাশি কার্যক্রম বা অপারেশন কোনো নির্দিষ্ট রুটিন মেনে নয়, বরং র‍্যান্ডমলি চালাতে হবে। সন্ত্রাসীরা যেন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে গিয়ে নিরাপদ বোধ না করে, তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতমুক্ত করার লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এবং পুলিশ সুপার মো. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার বাহিনীর নির্বাচনকালীন দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language