জাতীয়

ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঢাকা, ২৭ জানুয়ারি – রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করে বলেন, ছাত্র পরিচয়ে কিছু ব্যক্তি কলেজে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার দাবি, ওই ব্যক্তিরা মূলত বিএনপির নেতা মির্জা আব্বাসের অনুসারী। হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দিতে থাকে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীনই তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. সাইফুল্লাহ জানান, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকাকালে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায়।

এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার ওপর ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হচ্ছে। একই সঙ্গে আরেকটি ভিডিওতে নোংরা পানি ছোড়ার দৃশ্যও দেখা যায়।

এদিকে, এই হামলার প্রতিবাদে ১১ দলীয় জোট জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এনসিপির মিডিয়া সেলের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে ওই কার্যালয়টি অবস্থিত।

এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language