বিএনপি প্রার্থী মঞ্জুরুলের আপিলের পরবর্তী শুনানি ২৮ জানুয়ারি

ঢাকা, ২৬ জানুয়ারি – কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি আগামী ২৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে।
আজ (সোমবার) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেছেন।
আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ এবং অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে, হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
এর আগে গত ২২ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আবেদন করেছিলেন।
গত ২১ জানুয়ারি কুমিল্লা–৪ আসনে তার মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
সেদিন হাসনাতের আইনজীবী মোহাম্মদ হোসাইন লিপু বলেন, আদালতের কাছে ঋণ খেলাপির তথ্য গোপন করে মঞ্জুরুল আহসান মুন্সী প্রতারণা করেছেন। আদালত তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। এর ফলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬









