সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানকে দুদকে তলব

ঢাকা, ২৬ জানুয়ারি – দুর্নীতি দমন কমিশন (দুদক) সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে ‘অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং’-এর অভিযোগে তলব করেছে। তাকে আগামী বৃহস্পতিবার দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে হাজির না হলে তার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।
দুদক একই সঙ্গে সামিট গ্রুপের শেয়ার হস্তান্তর সংক্রান্ত সমস্ত রেকর্ডপত্রও চেয়েছে। অনুসন্ধান থেকে জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই লি.-এর অনুকূলে সামিট করপোরেশন লিমিটেডের শেয়ার হস্তান্তরের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে মোহাম্মদ আজিজ খান, তার স্ত্রী, ভাই, মেয়ে, অন্যান্য পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়রা শেয়ার হস্তান্তর বাবদ কোটি কোটি টাকা গ্রহণ করেছেন।
দুদক জানতে চেয়েছে, এসব শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ অনুমোদন নেওয়া হয়েছিল কি না এবং অনুমোদন থাকলে সংশ্লিষ্ট রেকর্ডপত্র, শেয়ার বাবদ প্রাপ্ত অর্থ বাংলাদেশে এসেছে কি না এবং বিষয়টি সংক্রান্ত দলিলসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যও চাওয়া হয়েছে।
এর আগে ৫ অগাস্ট অভ্যুত্থানের পর গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ৭ অক্টোবর তার পরিবারসহ ১১ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশ দেয়।
অর্থ পাচার, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে গঠিত যৌথ তদন্ত দল (জেআইটি) এই কার্যক্রম পরিচালনা করছে। এতে দুদক প্রধান ভূমিকা রাখছে, পুলিশের সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সহযোগিতা করছে। এছাড়া সামিট গ্রুপ সংক্রান্ত দায়িত্ব দুদকের উপপরিচালক আলমগীর হোসেনের তত্ত্বাবধানে রয়েছে।
এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬









