জাতীয়

পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করলেন ৪ লাখের বেশি প্রবাসী ভোটার

ঢাকা, ২৬ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোটার তাদের ভোট দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য জানান।

তিনি বলেন, আজ দুপুর দেড়টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসী ভোটারের কাছে তাদের অবস্থানরত দেশে ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। আর ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোটার ভোট দেওয়া সম্পন্ন করেছেন।

ভোট দেওয়ার পর প্রবাসী ভোটাররা সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে মোট ৩ লাখ ৪৪ হাজার ৯৯৩টি পোস্টাল ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে ১৯ হাজার ৩৮৮টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language