জাতীয়

নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কা করছে এনসিপি

ঢাকা, ২৬ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ এনে মব তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

রোববার রাতের দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে নির্বাচনি পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ জানান, এনসিপির পক্ষ থেকে ১০ দিনব্যাপী নির্বাচনি সফর শুরু হচ্ছে। তারা তাদের প্রার্থীর আসন এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে পথসভা করবেন যেখানে এনসিপি শক্তিশালী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়েছে। ১১ দলীয় জোটের পক্ষে তারা ৩০ আসনে নির্বাচন করছে। আজ সোমবার চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি জনসংযোগ শুরু করা হবে।

তিনি বলেন, প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব, সেই সঙ্গে হ্যাঁ ভোট জয়যুক্ত করার জন্য প্রচারণা করা হবে। তারা দেখাবে কেমন বাংলাদেশ তারা চাই এবং ইশতেহারের বিভিন্ন বিষয় উপস্থাপন করবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইশতেহার প্রকাশ করা হবে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা শঙ্কা করছি প্রভাব বিস্তারের। আদালতের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আগে ক্ষমতাসীনরা ৪০/৫০ জন আইনজীবী পাঠিয়ে প্রভাব বিস্তার করতো, এখন দেখা যাচ্ছে বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ এনে মব তৈরি করার চেষ্টা হচ্ছে। এছাড়া দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দ্বৈত নাগরিকদের যাতে নির্বাচন করতে না দেওয়া হয়, সেই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।’

এনসিপির মুখপাত্র আরও বলেন, তারা আশা করেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সাংবাদিকতা স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু এখন রাজনৈতিক দলের দলীয় প্যাডে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকদের নাম এসেছে। স্বাধীন সাংবাদিকতার জন্য এটি আশঙ্কাজনক। বিজ্ঞাপনের মাধ্যমে একটি দলের প্রচারণা হচ্ছে। যদি মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে দলীয় প্রচারণার সুযোগ থাকে, তবে সব দলকে সমান সুযোগ দেওয়া হোক।

আসিফ মাহমুদ বলেন, পদযাত্রার মাধ্যমে তারা জোটের সব দলের প্রার্থীর পক্ষেই কাজ করবেন। একসঙ্গে একদিকে না গিয়ে বিভিন্ন দিকে তাদের ভয়েস ছড়িয়ে দেবার পরিকল্পনা করা হয়েছে। দলীয় প্রার্থীর পাশাপাশি জোটের প্রার্থীরও প্রচারণা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

নির্বাচন পদযাত্রার শিডিউল পরিবর্তনের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানিয়েছেন, দীর্ঘ যানজটে নেতৃবৃন্দ চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে পারেননি। অনিবার্য কারণে পদযাত্রার শিডিউলে পরিবর্তন আনতে হয়েছে। পরিবর্তিত শিডিউল অনুযায়ী, নেতৃবৃন্দ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারত করেছেন।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language