পশ্চিমবঙ্গ

সুষ্ঠু নির্বাচনে জামায়াত কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না

কলকাতা, ২৫ জানুয়ারি – বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলে কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচনে জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনো পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি, তাদের জনসমর্থন তেমন নেই।

শ্রিংলা আরও বলেন, ‘কেউ তাদের আগে তুলে আনছে, তারপরও নির্বাচন অনিয়ম হলে তারা ক্ষমতায় আসতে পারবে। অন্যথায় আসা অসম্ভব।’

এর আগে তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে এমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা এবং প্রশ্ন রয়েছে।’

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language