জাতীয়

দুই মাস পর পুনরায় চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম

ঢাকা, ২৫ জানুয়ারি – দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এই সেবা পুনরায় সচল করা হয়। মূলত পোস্টাল ভোটের নিবন্ধন এবং প্রার্থী চূড়ান্ত করার জন্য এতদিন এই সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবাটি আজ থেকে পুনরায় চালু করা হয়েছে।

কেন এতদিন কার্যক্রম বন্ধ ছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) এবং আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেম নিয়ে বড় কাজ চলছিল। এই সময় এসব নিবন্ধন সম্পন্ন হয়েছে। এখন কাজ শেষ হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি। এছাড়া ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত করার বিষয়টিও এনআইডি কার্যক্রম বন্ধ রাখার অন্যতম কারণ ছিল।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে এনআইডি সংক্রান্ত যেকোনো ভুল তথ্য প্রদান বা পরিবর্তন ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। আজ নতুন নির্দেশনার মাধ্যমে এটি আবার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language