দক্ষিণ আমেরিকা

একটি নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন ট্রাম্প!

ব্রাসিলিয়া, ২৪ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। দুদিন আগে সুইজারল্যান্ডের দাভোসে ‘বোর্ড অব পিস’ নামে একটি সংস্থার যাত্রা শুরু করেন ট্রাম্প। ওই সংস্থায় বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তিনি।

ট্রাম্পের এ উদ্যোগের সমালোচনা করে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) লুলা বলেন, “জাতিসংঘকে ঠিক করার বদলে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির প্রস্তাব দিচ্ছেন। সেখানে একমাত্র তিনিই মালিক।”

লুলা আরও অভিযোগ করেছেন, ট্রাম্প ‘টুইটারের মাধ্যমে বিশ্ব শাসন করতে চান’। তিনি বলেন, “এটি উল্লেখযোগ্য যে, তিনি প্রতিদিন কিছু বলেন এবং বিশ্ব প্রতিদিন এ নিয়ে কথা বলছে।”

গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ওই সময় শি লুলাকে আহ্বান জানান, জাতিসংঘের প্রধান কাজকে সুরক্ষায় রাখতে মনোযোগ দিতে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে বের হয়ে যায়। এরমধ্যে পরশুদিন আনুষ্ঠানিকভাবে দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বের হয়ে গেছে।

এছাড়া তিনি বিশ্বব্যাপী ‘আমেরিক ফার্স্ট’ নীতি প্রয়োগের চেষ্টা করছেন। এর অংশ হিসেবে শুল্ক এবং সামরিক হুমকি ব্যবহার করছেন। তার এসব হুমকি এতটাই গুরুতর যে যুক্তরাষ্ট্রের মিত্ররাও প্রশ্ন করতে শুরু করেছেন, তারা কি এখন দেশটিকে বিশ্বাস করতে পারবে।

এদিকে ট্রাম্পের বিতর্কিত বোর্ড অব পিসে বিভিন্ন দেশ যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language