আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে

ইসলামাবাদ, ২৪ জানুয়ারি – পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং যেকোনো অবস্থায় বাংলাদেশকে টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া উচিত।
লাহোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নকভি বলেন, ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না চাওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা ন্যায্য নয়। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও তিনি এই একই কথা তুলে ধরেছেন।
তিনি বলেন, গত ৪ জানুয়ারি বাংলাদেশ ঘোষণা দেয় যে, ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনা এবং আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর তারা ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এরপর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ করেনি।
এরপরও বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল থেকে ভারতে সফর না করার কথা জানায়। এতে করে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে—এমন খবরও প্রকাশ পেয়েছে।
নকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমি আইসিসির বোর্ড মিটিংয়েও বিষয়টি বলেছি। এখানে ডাবল স্ট্যান্ডার্ড চলতে পারে না। একটি দেশ যখন ইচ্ছে তখন সিদ্ধান্ত নিতে পারে, আরেকটি দেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো আচরণ করা হচ্ছে। এই কারণেই আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি।’
পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অবিচার হচ্ছে। যেকোনো মূল্যে তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা একটি বড় অংশীদার দেশ, তাদের সঙ্গে এমন আচরণ করা ঠিক নয়।’
এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬









