দীর্ঘ ১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে সরকার

মাদারীপুর, ২৪ জানুয়ারি – আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে। মানুষের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ আছে এবং নির্বাচন সুষ্ঠু করতে সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা আরও জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রস্তুত আছে। স্বাধীনতার পর এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের দুটি বিশেষ দিক আছে—প্রথমত, পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, এবং প্রবাসীরাও প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দ্বিতীয়ত, সাধারণ গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র এবং আইনের শাসন শক্তিশালী হোক, এজন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া গুরুত্বপূর্ণ।
এসময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬









