ক্রিকেট

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড!

ঢাকা, ২৪ জানুয়ারি – বাংলাদেশের পরিবর্তে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। যদিও এ বিষয়ে এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকে বাংলাদেশ। আইসিসি বিষয়টি পুনর্বিবেচনার জন্য সময় দিলেও সিদ্ধান্ত বদলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলেই বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পথে হাঁটছে আইসিসি।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড প্রাথমিক পর্বের গ্রুপ ‘সি’-তে জায়গা পাচ্ছে। গ্রুপ পর্বে স্কটিশরা কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।

এ বিষয়ে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুবাই ও এডিনবরার মধ্যে ইতোমধ্যেই আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে, যা স্কটল্যান্ডের বিশ্বকাপে অংশগ্রহণ প্রায় নিশ্চিত করছে।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language