এবার ভোটের মাধ্যমে জনগণ ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে

কুমিল্লা, ২৪ জানুয়ারি – কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঋণখেলাপি, ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের যারা নির্বাচনের টিকিট দিয়েছে, জনগণ তাদের ইতোমধ্যেই চিহ্নিত করেছে। ভোটের মাধ্যমে সাধারণ মানুষ এসব শক্তিকে প্রত্যাখ্যান করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দেবীদ্বারের বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “এবার নিজের ভোট নিজের পছন্দে দেবেন। কোনো ধরনের জোরজবরদস্তি, ভয়ভীতি বা মাতব্বরি চলবে না। ভোট ভালোবাসার বিষয়, এখানে চাপের কোনো জায়গা নেই।”
তিনি সাধারণ মানুষ, প্রবাসী, তরুণ-যুবসমাজ ও নারীদের ভোটের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, অনেকেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলেও গোপন ব্যালটে প্রকৃত জনপ্রিয়তার প্রতিফলন ঘটবে।
ভিআইপি সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, “রাজনীতিতে কৃত্রিম বলয় তৈরি হলে নেতা সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বড় চেয়ার-ছোট চেয়ারের রাজনীতি নয়—নেতাকে মানুষের মাঝেই থাকতে হবে, তবেই রাজনীতি হবে জনবান্ধব।”
দুর্নীতির ভয়াবহ প্রভাব তুলে ধরে হাসনাত বলেন, “আজ দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে দুই হাজার টাকার কার্ড পেতেও তিন হাজার টাকা ঘুষ দিতে হয়। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতেই রাজনীতিতে এসেছি।”
তিনি জোর দিয়ে বলেন, রাজনীতি কখনোই বিনিয়োগের টাকা তুলে আনার মাধ্যম হতে পারে না। নিজের অবস্থান ব্যাখ্যা করে এনসিপির নেতা জানান, তিনি রাজনীতিতে এসেছেন সম্মান ও মানুষের সেবা করার মানসিকতা নিয়ে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দুর্নীতির সঙ্গে তিনি বা তার সমর্থকরা কখনো জড়িত নন।
গণসংযোগকালে শাপলাকলিতে ভোট চেয়ে তিনি মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিন দেবীদ্বারের ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও দেবীদ্বার সদর শান্তি রোডে একাধিক উঠান বৈঠকে তিনি বক্তব্য দেন। পাশাপাশি বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬









