জেলের ভেতর প্রেম, বিয়ের জন্য প্যারোলে মুক্তি পেল দুই খুনি

রাজস্থান, ২৩ জানুয়ারি – ভারতের রাজস্থানে কারাগারের ভেতরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই খুনির মধ্যে। এখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এজন্য ১৫ দিনের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।
বার্তাসংস্থা পিটিআই শুক্রবার (২৩ জানুয়ারি) জানিয়েছে, জেলের ভেতরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে ৩১ বছর বয়সী প্রিয়া শেঠ এবং ২৯ বছর বয়সী হনুমান প্রসাদের মধ্যে।
প্রিয়া ২০২৩ সালে জয়পুরে এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে আনেন। এরপর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে সেই ব্যবসায়ীকে হত্যা করে স্যুটকেসে মরদেহ রাখেন তিনি। এ হত্যাকাণ্ডে আরও দুজন জড়িত ছিলেন। তাদেরকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই ব্যবসায়ীর হত্যাকাণ্ড পুরো ভারতে আলোড়ন তৈরি করেছিল।
অপরদিকে, হনুমান প্রসাদ ২০১৭ সালে পাঁচজনকে হত্যা করার ঘটনায় দায়ী হন। তিনি এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এবং পরে ওই নারীর স্বামী, তিন সন্তান ও এক ভাতিজাকে হত্যা করেন। এই ভয়াবহ হত্যাকাণ্ডের কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
দুই খুনি বিয়ে করার আগ্রহ দেখানোর পর রাজস্থান হাইকোর্ট তাদের প্যারোলে মুক্তি দেন। গত বুধবার তারা কারাগার থেকে বের হন। তাদের বিয়ে হবে প্রিয়ার নিজ শহর বারোদামোতে।
রাজস্থানের সানগানারের ওপেন জেলে দণ্ড ভোগ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত এক বছর ধরে তারা প্রেমে রয়েছেন। পিটিআই জানায়, রাজস্থানে ওপেন জেলের বন্দিদের দিনের বেলা কাজের জন্য বের হতে দেওয়া হয় এবং সন্ধ্যায় তারা আবার জেলে ফিরে আসেন।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬








