জাতীয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে

ঢাকা, ২৩ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু ও অবাধভাবে হয় তা নিশ্চিত করতে দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

বিবৃতিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন।

বিবৃতিতে তিনি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে একত্রিত হতে হবে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে অবশ্যই দেশে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতের সময়ে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একদল দুষ্কৃতকারী আকস্মিকভাবে হামলা চালায়। এ সময় গুলিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ধরনের অরাজকতা ঘটাচ্ছে। কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনাও সেই পরিকল্পিত অরাজকতার একটি প্রকাশ।

তিনি আরও অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে জনগণ মনে করছে। তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আহত হাসান মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language