ইন্দোনেশিয়ায় দুর্গম এলাকায় বিমান বিধ্বস্ত, ১০ জনের মরদেহ উদ্ধার

জাকার্তা, ২৩ জানুয়ারি – ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হওয়া একটি বিমান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার এই ঘটনা ঘটেছে।
বিধ্বস্ত বিমানটি ছিল এটিআর ৪২-৫০০ মডেলের একটি টারবোপ্রপ উড়োজাহাজ, যা মাঝারি আকৃতির হয়ে থাকে। উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে ৭ জন কেবিন ক্রু এবং ৩ জন যাত্রী ছিলেন।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্ট (আইএটি) নামের একটি দেশীয় বিমান পরিষেবা সংস্থার। গত ২৮ জানুয়ারি রোববার দুপুরে মৎস্যসম্পদ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়েসি দ্বীপের মৎস্যসম্পদের ওপর জরিপ চালানোর উদ্দেশ্যে রাজধানী জাকার্তা থেকে যাত্রা শুরু করে উড়োজাহাজটি। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আইএটির মূল দপ্তরের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দক্ষিণ সুলাওয়েসি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানান, বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই তল্লাশি অভিযান শুরু করা হয়। পরে শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়েসির মারোস এলাকার বুরুসারাউং পাহাড়ের কাছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। দুর্ঘটনাস্থলটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।
এই দুর্ঘটনার কারণ জানতে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬








