সৌদি আরবে রমজানে নামাজের সময় মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ

ঢাকা, ২৩ জানুয়ারি – পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবে নামাজের সময় মসজিদের বাইরের মাইক বা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রমজান মাসে মসজিদগুলোর প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন নির্দেশনা দিয়েছে, যেখানে মাইক ব্যবহারের বিষয়টি বিশেষভাবে সীমিত করা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, মসজিদের বাইরের মাইক শুধুমাত্র আজান এবং নামাজ শুরুর সংকেত বা ইকামার সময় ব্যবহার করা যাবে, কিন্তু পুরো নামাজ চলাকালীন তা চালু রাখা যাবে না।
মন্ত্রণালয়ের নির্দেশিকায় হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি নামাজের সময়সূচী মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এশার নামাজের সময় এবং প্রতিটি নামাজের আজান ও ইকামার মধ্যে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে শান্ত, সুসংগঠিত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করা। এছাড়া মসজিদের আশপাশের আবাসিক এলাকার মানুষদের বিরক্তি কমানো এবং ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখা ও উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
রমজানের প্রস্তুতির অংশ হিসেবে ইফতারের আয়োজনেও মন্ত্রণালয় সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, ইফতার শুধুমাত্র মসজিদের নির্দিষ্ট উঠান বা প্রাঙ্গণে আয়োজন করতে হবে, মসজিদের ভেতরে খাবার পরিবেশন করা যাবে না। পানি ব্যবহার এবং অতিরিক্ত পানি মজুদের ক্ষেত্রে সতর্ক ব্যবস্থা নেওয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষকে বলা হয়েছে।
মসজিদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়েও জোর দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ দলকে নির্দেশ দেওয়া হয়েছে সব সুযোগ-সুবিধা সম্পূর্ণ প্রস্তুত রাখতে, বিশেষ করে নারীদের নামাজের জায়গার পরিচ্ছন্নতা ও ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
সৌদি সরকারের এই নির্দেশনা সব অঞ্চলের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
প্রতি বছর রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের পদচারণায় সৌদি আরবের মসজিদগুলো মুখরিত থাকে। তাই ভিড় সামলানো এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য এই প্রস্তুতিমূলক নির্দেশনা জারি করা হয়েছে। আশা করা হচ্ছে, এই পদক্ষেপগুলো পবিত্র মাসে ইবাদতের পরিবেশকে আরও সুশৃঙ্খল করবে।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬









