জাতীয়

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা, ২৩ জানুয়ারি – বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, আসন্ন নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

ড. খলিলুর রহমান নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ক্রিস্টেনসেনের পূর্ববর্তী অবদান স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতের মেয়াদে দুই দেশের সম্পর্ক আরও এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৈঠকে আলোচিত মূল বিষয়গুলো ছিল–

১. পারস্পরিক শুল্ক চুক্তি এবং বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা।
২. সম্প্রতি আলোচিত ‘ভিসা বন্ড’ ইস্যুসহ অভিবাসন এবং যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া।
৩. রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও প্রত্যাবাসন নিশ্চিতে সহযোগিতা।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া এবং আসন্ন সাধারণ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন।

বৈঠকে ঢাকার মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক গিলানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language