প্রথম দিনেই টানা ১৬ ঘণ্টায় ৭ সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

ঢাকা, ২৩ জানুয়ারি – আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাত জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারের প্রথম দিন তিনি সিলেট থেকে সমাবেশ শুরু করেন। ওই দিন দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। সর্বশেষ নরসিংদীর সমাবেশে বক্তব্য শেষ করে রাত ৪টার কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান রাত সোয়া ৪টার দিকে জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে টানা ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষ করে গভীর রাতে তারেক রহমান গুলশানের বাসায় ফিরে যান।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়া এলাকায় রাত ৪টার কিছু সময় পর শেষ নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান। সমাবেশ শেষ হওয়ার পর তিনি বাসার উদ্দেশে রওনা দেন।
এর আগে, দুপুর ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে রাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান।
নির্বাচনী সমাবেশগুলোতে তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা হবে, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং ইমাম ও মুয়াজ্জিমদের সম্মানি ভাতা দেওয়া হবে।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬









