ঢালিউড

জানা গেল ইলিয়াস কাঞ্চনের সবশেষ শারীরিক অবস্থা

ঢাকা, ২২ জানুয়ারি – দর্শকপ্রিয় নায়ক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন কিছুদিন ধরে ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে আছেন। এই মুহূর্তে তার দ্বিতীয় দফার কেমোথেরাপি চলছে, যা আগামী মে মাস পর্যন্ত চলবে। এরপর তাকে জার্মানিতে নিয়ে গিয়ে একটি ভ্যাকসিন দেওয়া হবে।

নিরাপদ সড়ক চাই-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, এরপরই যদি তার শরীর অনেকটা ঠিক থাকে, তবেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এদিকে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পীরাও আশার চোখে অপেক্ষা করছেন যে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। চিত্রনায়িকা চম্পা বলেন, কাঞ্চন ভাইয়ের সঙ্গে বহু সিনেমায় কাজ করেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরতে পারেন।

চিত্রনায়িকা শাবনাজ বলেন, কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের গর্ব। পাশাপাশি নিরাপদ সড়ক চাই নিয়ে তিনি যুগে যুগে যে আন্দোলন করেছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি তার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

চিত্রনায়িকা পপি বলেন, কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন এবং নানা সময়ে তার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছি। নিঃসন্দেহে তিনি ভালো মনের একজন মানুষ। আজ এমন একজন মানুষ জীবন নিয়ে যুদ্ধ করছেন, এবং তার এই যুদ্ধ যেন দ্রুত শেষ হয়, সেটিই আমার প্রার্থনা। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন—এমনটাই চাওয়া।

মিশা সওদাগর বলেন, কাঞ্চন ভাই সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন—এটাই আমাদের প্রত্যাশা। তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ এবং একজন গুণী অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রে তার অনেক অবদান রয়েছে।

এনএন


Back to top button
🌐 Read in Your Language