জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা, ২২ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য এই ছুটি ১০ ও ১১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ‘আজকের বৈঠকে মোট ১৩টি এজেন্ডা ছিল। এর মধ্যে বাংলাদেশ বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের রোহিত আইন খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়েও আলোচনা হয়েছে।’

শফিকুল আলম বলেন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-২০২৬ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তথ্য অধিকার অধ্যাদেশ-২০২৬ এর খসড়াও নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। পাশাপাশি বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব এবং জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।’

প্রেস সচিব জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড-২০২৬ এবং বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট-২০২৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এ ১৯ ধরনের জুয়ার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এবং অপরাধ অনুযায়ী ১৫ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ম্যাচ ফিক্সিংসহ এ ধরনের অপরাধ দমনই এই আইনের লক্ষ্য।’

তথ্য অধিকার আইন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই আইনে তথ্য অধিকার নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং প্রতিবেদন কীভাবে করা হবে, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা রাখা হয়েছে। এই আইন তথ্য অধিকার সংরক্ষণে ভূমিকা রাখবে।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language