সিলেটে শুরু হলো বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

সিলেট, ২২ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন। কিছু নেতা ও কর্মী বুধবার রাত থেকেই সমাবেশস্থলের পাশে সামিয়ানা টাঙিয়ে ত্রিপলে শুয়ে রাত কেটিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে নেতাকর্মীরা পৌঁছাচ্ছেন।
সকাল সাড়ে আটটার দিকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান বিএনপি জোট জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এই সময় নেতাকর্মীরা খেজুর গাছের সঙ্গে খেজুর গাছ স্লোগান দিচ্ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর, এছাড়া সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রাক্কালে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথি তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে।
এনএন/ ২২ জানুয়ারি ২০২৬









