ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৯৮ আসনে মোট ১,৯৮১ প্রার্থী

ঢাকা, ২২ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৩২ জন, আর স্বতন্ত্র প্রার্থী আছেন ২৪৯ জন।
গত মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এক দিন পর, বুধবার রাতে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৮ আসনের জন্য দলভিত্তিক প্রার্থীর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পাবনা-১ ও ২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে দলীয় প্রতীকে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। বর্তমানে ৬০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া নিবন্ধিত আটটি দল এবারের নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।
ইনিয়ে নির্বাচন কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী রয়েছে বিএনপির, ২৮৮টি আসনে। জামায়াতে ইসলামীর প্রার্থী ২২৪টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ২৫৩টি আসনে, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ১৯২টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ৩২টি আসনে।
অন্য দলগুলোর মধ্যে সিপিবির ৬৫ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৩৯ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪ জন, খেলাফত মজলিসের ২১ জন, গণ অধিকার পরিষদের ৯০ জন, আমার বাংলাদেশ (এবি) পার্টির ৩০ জন, গণফোরামের ১৯ জন, গণসংহতি আন্দোলনের ১৭ জন এবং নাগরিক ঐক্যের ১১ জন প্রার্থী আছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার আগের দিনও ১৪–দলীয় জোটের অংশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, তারা এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। মনোনয়নপত্র দাখিলের সময় শেষে ইসির তালিকায় দেখা গিয়েছিল তাদের সাতজন প্রার্থী রয়েছে। জাসদ তখন জানিয়েছিল, তারা কাউকে মনোনয়ন দেয়নি। তবে প্রার্থিতা প্রত্যাহার শেষে ইসির প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, দলটির ছয়জন প্রার্থী নির্বাচনে রয়েছেন। এছাড়া বাংলাদেশ জাসদের ১১ জন ও জেএসডির ২৬ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন।
এনএন/ ২২ জানুয়ারি ২০২৬









