মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

জেরুজালেম, ২২ জানুয়ারি – ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার এ হামলায় একজন এএফপির ফ্রিল্যান্সারসহ তিন সাংবাদিক মারা গেছেন, জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজায় একটি ড্রোন পরিচালনাকারী ‘সন্দেহভাজনদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে লড়াই অনেকটা থেমে থাকলেও উভয়পক্ষই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে আল-জাহরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাংবাদিকরা হলেন মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম। শাআত এএফপির ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন, তবে হামলার সময় তিনি ফরাসি বার্তা সংস্থার কোনো দায়িত্বে ছিলেন না।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্য গাজায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ড্রোন পরিচালনাকারী কিছু সন্দেহভাজনকে শনাক্ত করে হামলা চালিয়েছে। তবে তারা ড্রোনের সঙ্গে হামাসের সম্পর্ক কেমন তা বিস্তারিত জানায়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ড্রোনটি সেনাদের জন্য হুমকি তৈরি করছিল, তাই সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাটি অনুমোদিত কমান্ড চেইনের মাধ্যমে করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছিল, আল-জাহরার কাছে একটি ‘বেসামরিক যানবাহন’কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, গাজায় সাংবাদিকরা মিসরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণের ছবি ধারণ করতে ড্রোন ব্যবহার করছিলেন। সেই সময় তাদের সঙ্গে থাকা একটি যানবাহনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের বিপজ্জনক মাত্রা হিসেবে উল্লেখ করেছে। ফিলিস্তিন জার্নালিস্টস সিন্ডিকেট বিবৃতিতে বলেছে, এটি ফিলিস্তিনি সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলি দখলদার শক্তির পরিকল্পিত ও পদ্ধতিগত নীতির অংশ।

হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language