জাতীয়

রোগীর মৃত্যুকে ঘিরে চিকিৎসককে মারধর, ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ

ঢাকা, ২২ জানুয়ারি – ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে ইন্টার্ন চিকিৎসক সাকিব আহমেদকে মারধর করেছেন রোগীর স্বজনরা। এই ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় এবং পুরো হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মেডিসিন বিভাগের সাত তলায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, এক রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনরা ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেন। আহত চিকিৎসকদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় জড়িত দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়। তিনি আরও জানান, হাসপাতালের গেটে তালা দেওয়া হয়েছে এবং চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত গেট খোলা হবে না বলেও জানান তিনি।

ঘটনাটি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রোগীর মৃত্যুর পর চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের গেট বন্ধ করে রেখেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language