সোনার দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল ২ লাখ ৫২ হাজার টাকা

ঢাকা, ২১ জানুয়ারি – একদিনের ব্যবধানে আবার দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে দাম সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা বৃদ্ধি পেয়ে ভালো মানের সোনার দাম দুই লাখ ৫২ হাজার টাকার ওপরে উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
বুধবার (২১ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আগামীকাল ২২ জানুয়ারি থেকে বাজারে কার্যকর হবে।
সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ার কারণে স্থানীয় বাজারেও দাম বেড়েছে। বিশ্বব্যাপী স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৮০০ ডলার বৃদ্ধি পেয়েছে।
নতুন দামের হিসাব অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
সোনার সঙ্গে রুপার দামেরও বৃদ্ধি হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









