হত্যাচেষ্টা হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন, ২১ জানুয়ারি – যদি ইরান তাকে হত্যা করে, তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা আগেই দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
এর আগে ইরান হুমকি দিয়ে বলেছিল, যদি তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়, তাহলে শুধু ট্রাম্পের হাত বিচ্ছিন্ন করা হবে না, তাকেও হত্যা করা হবে। এই হুমকির জবাবেই ট্রাম্প পাল্টা এমন মন্তব্য করেন।
ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, “ট্রাম্প জানেন, যদি আমাদের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয়, তাহলে আমরা শুধু সেই হাতটাই বিচ্ছিন্ন করব না। এটা কোনো স্লোগান নয়, বাস্তব কথা।”
তিনি আরও বলেন, “আমরা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেব এবং তাদের জন্য কোনো নিরাপদ জায়গা থাকবে না।”
ইরানি জেনারেলের এই হুমকির প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “আমার খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে। যদি কিছু হয়, তারা—মানে মার্কিন সেনা—ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে।”
গত বছরও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, যদি ইরান তাকে হত্যা করে, তাহলে তারা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে।
উল্লেখ্য, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক বিপ্লবী গার্ডের বিশেষ ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই ঘটনার পর থেকেই ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে ইরান।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









