বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নিচ্ছে ভারত

নয়াদিল্লি, ২১ জানুয়ারি – নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা।
বাংলাদেশে ভারতের প্রধান দূতাবাস বা হাইকমিশন ঢাকায় অবস্থিত। এ ছাড়া খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে ভারতের সহকারী হাইকমিশন রয়েছে। এসব সব কটি মিশন থেকেই কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর আগের মতোই খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে কর্মরত সব ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগেই ভারত এই পদক্ষেপ নিলো।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









