২২ জানুুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

ঢাকা, ২১ জানুয়ারি – জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন জেলায় সফরে বের হচ্ছেন। দলের একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ১৭টি জেলার সফর চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হবে ২২ জানুয়ারি সিলেট থেকে। এটিই হবে ঢাকার বাইরে তার প্রথম সফর।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনি প্রচার শুরু হবে।
দলীয় সূত্র জানায়, ২১ জানুয়ারি রাতে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করবেন। এরপর বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সিলেটের কর্মসূচি শেষে তিনি মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সমাবেশে অংশ নেবেন। ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পথসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেট জেলা বিএনপি ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নগর ও গ্রাম পর্যায়ে বিভিন্ন কর্মসূচি, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের মাধ্যমে নেতাকর্মীরা সাধারণ মানুষকে সমাবেশে অংশ নিতে আহ্বান জানাচ্ছেন।
মাঠ প্রস্তুতির কাজ শেষ হয়েছে। স্টেজ নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি মহানগর পুলিশ তদারকি করছে। রোববার সিলেটের বিএনপি নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী বলেন, দীর্ঘ সময় পর প্রিয় নেতা তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। জনসভায় অংশ নিতে সাধারণ মানুষও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ‘২২ জানুয়ারির জনসভা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তার নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিচ্ছে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, ঢাকার বাইরে এটিই বিএনপির চেয়ারম্যানের প্রথম সফর। এ কারণে তিন লাখেরও বেশি মানুষের সমাগম ঘটাতে সর্বস্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সিলেট সফর শেষে তারেক রহমান চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লায় নির্বাচনি প্রচারে অংশ নেবেন। ২৬ জানুয়ারি তিনি বরিশালে পৌঁছে বেলস পার্কে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এরপর মাদারীপুর, ভাঙা ও মুন্সিগঞ্জ হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
বরিশালের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন বলেন, প্রায় ২০ বছর পর তারেক রহমান বরিশালে সফর করছেন। এ সফরকে ঘিরে বরিশালের নেতাকর্মীরা উজ্জীবিত এবং নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপি প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই শুরু হয়ে আসছে। তারেক রহমানের এবারের সফরও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









